সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Bengali Steam” নামের একটি পেজ থেকে সম্প্রতি হাম (Measles) ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তির নামে একাধিক ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এর মধ্যে একটি ফটোকার্ডে এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ-কে উদ্ধৃত করে বলা হয়, “পাবলিকের কান্নাকাটি দেখলে মনে হয় হামে একলক্ষ শিশু মারা গেছে। আরে ভাই, সংখ্যাটা এখনো ১ হাজারও হয়নি।”
এছাড়া আরেকটি ফটোকার্ডে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম কে উদ্ধৃত করে দাবি করা হয়, “আচ্ছা ধরে নিলাম হামে আক্রান্ত হয়ে ২০০০ হাজার শিশুই মারা গেলো। আমাদের দেশের জনসংখ্যা হিসাবে সেটা কি খুব বেশি?”
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আব্দুল হান্নান মাসুদ এবং শফিকুল আলম, কেউই এমন কোনো মন্তব্য করেননি। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ঘেঁটে উক্ত মন্তব্যগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। অর্থাৎ, তাদের নামে প্রচারিত মন্তব্যগুলো সম্পূর্ণ ভুয়া।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শফিকুল আলমের নামে প্রচারিত পোস্টটিতে ৫ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। অন্যদিকে, আব্দুল হান্নান মাসুদের নামে ছড়ানো পোস্টটিতেও ২ হাজারের বেশি রিয়েক্ট দেখা গেছে। দুটি পোস্টেই “এংরি” রিয়েক্টের আধিক্য লক্ষ্য করা যায়। ফলে বোঝা যায়, আকর্ষণীয় গ্রাফিক্স ও পরিচিত ব্যক্তিদের ছবি ব্যবহারের কারণে অনেকেই পোস্টগুলোকে সত্য বলে ধরে নিয়েছেন। এমনকি কমেন্টে অনেককে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে গালাগাল করতেও দেখা গেছে।
উল্লেখ্য, “Bengali Steam” পেজটি প্রথম তৈরি করা হয় ২০২১ সালে। সে সময় পেজটির নাম ছিল “Room Number 501”, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত একটি শব্দবন্ধ। পরবর্তীতে ২৯ ডিসেম্বর পেজটির নাম পরিবর্তন করে “Bengali Steam” রাখা হয়।
Bengali Steam পেজের হিস্ট্রি এবং বায়ো।
যদিও পেজটির ক্যাটাগরিতে “Satire” উল্লেখ রয়েছে, তবে বায়োতে নিজেদের “Digital news platform” হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে লেখা রয়েছে, “Our Mission is to present reliable news in the bengali language।” ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য পেজটিকে নিছক ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী কনটেন্ট হিসেবে চিহ্নিত করা সহজ নয়।
সবমিলিয়ে, “Bengali Steam” পেজ থেকে হাম ইস্যুতে আব্দুল হান্নান মাসুদ ও শফিকুল আলম এর নামে প্রচারিত ফটোকার্ড ও মন্তব্যগুলো সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।