দেশের কয়েকটি গণমাধ্যমে "হাঙরের পেটে যাওয়া বা শিকার হওয়া থেকে বাঁচতে মাছ ধরার নৌকায় লাফ দিল সিল" শিরোনামে একটি ভিডিও প্রচারিত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি সিল পানিতে থাকা শিকারীর হাত থেকে বাঁচতে একটি মাছ ধরার নৌকায় লাফিয়ে ওঠে এবং সেখানে থাকা একজন ব্যক্তি প্রাণীটিকে তুলে নেন।
একই ভিডিও সম্বলিত গণমাধ্যমের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে বাস্তব ঘটনা হিসেবে দাবি করলেও, অনেকেই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে সন্দেহ প্রকাশ করেন।
বিষয়টি যাচাই করতে গিয়ে দেখা যায়, ভিডিওটি অন্তত চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়ে আসছে। ভিডিওটির নিচের মন্তব্যগুলোতেও এর বাস্তবতা নিয়ে তর্ক-বিতর্ক লক্ষ্য করা যায়। এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation ভিডিওটিকে এআই-জেনারেটেড বা ডিপফেক হিসেবে চিহ্নিত করেছে। তবে একই সঙ্গে অনেক ব্যবহারকারী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের সূত্র উল্লেখ করে ভিডিওটিকে বাস্তব বলে দাবি করেছেন।
হাইভ মডারেশনের রেজাল্ট
প্রাসঙ্গিক কীওয়ার্ড অনুসন্ধানে বিবিসি, সিএনএন এবং অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদনে (১, ২, ৩, ৪) অনুরূপ একটি বাস্তব ঘটনার তথ্য পাওয়া যায়। এসব প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সেলিশ সাগরে শিকারী তিমি (ওর্কা) দলের ধাওয়া থেকে বাঁচতে একটি সিল মার্কিন বন্যপ্রাণী আলোকচিত্রী (উইল্ডলাইফ ফটোগ্রাফার) চারভেট ড্রুকারের নৌকায় উঠে পড়ে। এপিকে দেওয়া সাক্ষাৎকারে ড্রুকার জানান, প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে তাড়া করার পর প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে সিলটি তার নৌকায় আশ্রয় নেয়। কিছু সময় পর ওর্কাগুলো সরে গেলে সিলটিও নিরাপদে চলে যায়।
তবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সেই ঘটনার ভিডিও ও ছবির সঙ্গে দৈনিক ইনকিলাব, দ্য নিউজ কিংবা বৈশাখী টেলিভিশনে প্রচারিত ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি। দৃশ্য, পরিবেশ এবং ঘটনাপ্রবাহের মধ্যেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
সব তথ্য-উপাত্ত বিশ্লেষণে প্রতীয়মান হয়, ২০২৫ সালের ওই বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
অতএব, শিকারীর হাত থেকে বাঁচতে একটি সিল মাছ ধরার নৌকায় লাফ দিয়েছে,এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়, এটি এআই জেনারেটেড ভিডিও।